বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০০

আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম নগর বিএনপির দোয়া মাহফিল

ছবি : বাসস

চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বাদ আসর চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম নেতার রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালনকারী ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি মহান স্বাধীনতা অর্জনে অবদান রাখেন। পরবর্তীকালে মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় উন্নয়ন, শিক্ষা-সুরক্ষা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সাংগঠনিক দক্ষতা ও মানবিক গুণাবলি নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, সাধারণ সম্পাদক নাজিমুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।