বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১০

হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়ম বরদাশত করা হবে না : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শনিবার দুপুরে সিলেট নগরীর সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: বাসস

সিলেট, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

শনিবার দুপুরে সিলেট নগরীর সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। কাজের মান ও নির্ধারিত সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

সিলেটে বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ি ঢলের কারণে এ অঞ্চলে প্রায়ই বন্যা দেখা দেয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক প্রকল্প চলমান রয়েছে এবং নতুন আরও কিছু প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। দ্রুত সম্পন্নযোগ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং দুর্নীতি একটি বড় ব্যাধি হিসেবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। দেশকে দুর্নীতিমুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ হলেও সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, জনসাধারণের স্বার্থে যেসব কাজ প্রয়োজন, সেগুলো আমরা দায়িত্বশীলভাবে সম্পন্ন করবো। 

দুর্নীতিমুক্ত পরিবেশে কাজ বাস্তবায়ন করতে পারলে সুরমা ও কুশিয়ারা অববাহিকার গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতি জনগণ দেখতে পাবে। পরে তিন মন্ত্রী সিলেট সদর উপজেলায় সুরমা ও চেঙ্গেরখাল নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।