শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মিনার্ভা হসপিটালের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ডিআরইউ কার্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
এ চিকিৎসা সেবা চুক্তিতে মিনার্ভা হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা, সিইও মো. আব্দুল কাদের এবং এজিএম মো. আহসান হাবিব রিংকু। ডিআরইউ’র পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।
এই চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও সদস্য পরিবার সুলভ মূল্যে এ হসপিটাল থেকে বেশ কিছু সেবা গ্রহণ করতে পারবেন। সেবাসমূহ সকল ধরনের প্যাথলজি পরীক্ষায় ৫০ শতাংশ, সকল ধরনের রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া, ইমার্জেন্সি কনসালটেশন ফি ৫০ টাকা এবং সকল ধরনের বাংলাদেশি ওষুধে ৬ শতাংশ ছাড় পাবেন।
উল্লেখ্য, ইবনে সিনা হসপিটাল, ইনসাফ বারাকাহ হসপিটাল, এ এম জেড হসপিটাল, মিরপুর বারডেম হসপিটাল ও অরোরা হসপিটালের সাথে ডিআরইউ’র কর্পোরেট চুক্তি রয়েছে।