শিরোনাম

নাটোর, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীদেরকে দেওয়া হবে। পর্যায়ক্রমে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করে এই কার্ড সর্বজনীন করা হবে।
আজ শনিবার বেলা ১১টায় নাটোর সার্কিট হাউসে জেলার কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হবে। নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্তভাবে সুবিধাভোগী বাছাই করা হচ্ছে। জি-টু-পি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছাবে, ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীমুক্ত থাকবে। এই কার্যক্রমে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ফারজানা শারমীন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আগামী পাঁচ বছর একই গতি ও স্পৃহা নিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার পরিমাণ সারাদেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি। এছাড়া দ্রুত কৃষি কার্ড প্রদান এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘লালপুর ও বাগাতিপাড়ার মানুষ আমাকে ভালোবেসে ‘বিটি’ বলে ডাকে। আমি শুধু আমার নির্বাচনী এলাকার নয়, সমগ্র নাটোর ও রাজশাহীর মানুষের ‘বিটি’ হয়ে সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘জনপদ এবং মানুষের কল্যাণে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারিত্বমুক্ত এবং মাদকমুক্ত সুন্দর নাটোর গড়তে চাই। তরুণদের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। নারীদের জন্যে আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কৃষি প্রধান এলাকা হিসেবে নাটোরে কৃষির উন্নয়ন সাধন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই।’
জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফারজানা শারমীনের এটিই প্রথম নাটোর সফর। সকালে ঢাকা থেকে নাটোরে আসার পথে বনপাড়া বাইপাস মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লার সভাপতিত্বে ওই পথসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী ও সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া।
আগামীকাল রোববার নর্থবেঙ্গল চিনিকলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে বাগাতিপাড়া উপজেলার সরকারি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।