শিরোনাম

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক এ বি এম মূসার ৯৫তম ও বাংলাদেশ নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার ৮৬তম জন্মবার্ষিকী আগামীকাল।
এ বি এম মূসা ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনী জেলার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালের ৯ এপ্রিল মৃত্যুবরণ করেন।
এ বি এম মূসা দীর্ঘ ৬৪ বছর ধরে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। ১৯৫০ সালে দৈনিক ইনসাফ থেকে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার, দৈনিক সংবাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন।
স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক ছিলেন।
এবিএম মূসা জাতীয় প্রেস ক্লাবের চারবার সভাপতি এবং তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সেতারা মূসার জন্ম ১৯৪০ সালের ২৮ ফেব্রুয়ারি কুমিল্লার লাকসামে নানার বাড়িতে। ১৯৪৭ সালের দেশভাগের পর কলকাতা থেকে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন।
তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর দৈনিক পূর্বদেশ-এর নারী পাতায় দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি সেতারা মুসা সমাজ সেবামূলক কাজও করেন। তিনি রেডক্রিসেন্ট, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি, সুরভি সঙ্গীত একাডেমি ও গার্লস গাইডসহ অসংখ্য সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।