বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

পরিবারের হয়ে তারেক রহমানের পাশে থাকতে চান বস্তিবাসী

ছবি: বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেছেন তার নির্বাচনী আসন ঢাকা-১৭ এর বস্তিবাসী। 

তারা বলেছেন, ‘তারেক রহমানের মা (বেঁচে) নেই, বাবা নেই; আমরাই তার মা, আমরাই তার বাবা। আমরা তার পরিবার হয়ে সবসময় পাশে থাকতে চাই। আমরা যেহেতু তারেক রহমানকে ভালোবাসি, তাই আমরা তাকে আমাদের ঢাকা-১৭ আসনে, ভালোবাসার আসনে জয়ী করে প্রধানমন্ত্রী করতে চাই।’

আজ মঙ্গলবার ঢাকা-১৭ আসনের ২০ নম্বর ওয়ার্ডের সাত তলা এলাকায় স্থানীয় নারী সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় বস্তিবাসীদের হয়ে এসব কথা বলেন সেলিনা রহমান নামের এক নারী।

তিনি বলেন, ‘তারেক রহমান আমাদেরকে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন তার নির্বাচনী  প্রতিশ্রুতিতে, আমরা আজকে বলতে চাই— আমরাও ধানের শীষে ভোট দিয়ে তার ফ্যামিলির সদস্য হয়ে থাকতে চাই।’

সভায় সাততলা বস্তির অন্যান্য নারী সমর্থকরা বলেন, ‘সবাই যখন আমাদের কাছে ভোট চাইতে আসে, আমরা তাদেরকে সবসময়ই বলি যে— আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা ঢাকা- ১৭ আসনে তারেক রহমানকে ভোট দিয়ে আমাদের জন্য একটা স্থায়ী জায়গা করতে চাই।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। তিনি বলেন, জন্মের সময় আল্লাহ তো নির্দিষ্ট করে পাঠাননি কে ধনী হবে আর কে গরিব হবে। নিজেদের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দিন। 

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন সুযোগ্য রাষ্ট্রনায়ক। তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করেছেন। এই যে খাল খনন, গার্মেন্ট শিল্পের প্রসার, বিদেশে শ্রমশক্তি রপ্তানি— সবই তিনি করেছেন। তাঁর মতোই বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে নারীবান্ধব প্রকল্প শুরু করেছিলেন। মেয়েদের মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত উপবৃত্তি প্রদান, সর্বস্তরের নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ— সবই বিএনপির যুগান্তকারী পদক্ষেপ।

ঠিক একইভাবে তারেক রহমান আপনাদের পাশে থেকে নারীদের জন্য নতুন করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার কথা বলেছেন, নারীদের সংসারে ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের পাশাপাশি সুচিকিৎসার জন্য হেলথ কার্ড দেবেন বলেছেন। ভোটে নির্বাচিত হলে তিনি এসব কাজ বাস্তবায়ন করবেন।

স্থানীয় নারী সমর্থকদের উদ্দেশে আবদুস সালাম আরো বলেন, অতীতেও ধানের শীষ মেয়েদের উচ্চ শিক্ষার জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছে, গার্মেন্ট শিল্পে মেয়েদের কর্মের ব্যবস্থা করেছে, বেকার ছেলেদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে; তাই ধানের শিষ নারীবান্ধব। আপনাদের নিজেদের জীবনমান বাড়াতে ধানের শীষে ভোট দিন।

তিনি আরো বলেন, আপনাদের মধ্যে যারা বাসা-বাড়িতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, এছাড়াও বিভিন্ন ধরনের কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কী বলেছেন আপনার কি তা জানেন? কর্মজীবী নারীদের সম্পর্কে তিনি খুব কুরুচিপূর্ণ কথা বলেছেন। মেয়েদের সম্পর্কে তাদের চিন্তা কত নিচু আপনারাই বুঝে নেবেন।

ঢাকা-১৭ আসনে নির্বাচনী কার্যক্রমের যুগ্ম সমন্বয়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, তারেক রহমানকে ভোট দিয়ে জয়ী করলে আপনারা ফ্যামিলি কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি হেলথ কার্ডও পাবেন। তারেক রহমান আপনাদের পুনর্বাসন করতে চাচ্ছেন না। তিনি আপনাদের স্থায়ী বাসিন্দা করতে চাচ্ছেন। ভাসানটেক কড়াইল ও সাত তলা বস্তিতে যারা থাকছেন, তাদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে চেয়েছেন। আপনাদের জন্য যদি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়, এখানে থাকবে স্কুল, খেলার মাঠ, স্বাস্থ্য কেন্দ্রসহ সকল রকমের সুযোগ সুবিধা।

তিনি আরো বলেন, যারা গুলশানে থাকে তাদের গুলশানবাসী, যারা বনানীতে থাকে তাদেরকে বনানীবাসী, ঠিক তেমনি আপনারাও যখন স্থায়ী বাসিন্দা হবেন— তখন আপনারাও নিজেদেরকে সাততলাবাসী ভাসানটেকবাসী, কড়াইলবাসী বলতে পারবেন। আমার যেমন সুন্দর জীবনের অধিকার আছে, আপনাদেরও সুন্দর জীবনের অধিকার আছে। আপনারা যদি ভবিষ্যতে সুন্দর, সুখ-শান্তিতে বসবাস করতে চান, তবে ধানের শীষে ভোট দিন।