শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে আজ এক বিশাল মিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করা হয়েছে।
কাকলি স্টেশনের নিকটবর্তী আরব আমিরাত মৈত্রী মার্কেটের সামনে থেকে সোমবার ধানের শীষের পক্ষে বের হওয়া বিশাল মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়ক ফরহাদ হালিম ডোনার ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম।
বিএনপি’র নির্বাচনী এ মিছিলে ঢাকা-১৭ আসন এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করেন অভিজাত শ্রেণির লোকজন। তারা সাধারণত তাদের ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশ নেয়ার সুযোগ কম। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। এই আসনে সব শ্রেণি-পেশার মানুষ তারেক রহমানের নির্বাচনী মিছিলে অংশ নেন। এক পর্যায়ে মিছিলটি সমাবেশে রূপ নেয়।
মিছিলটি কাকলি থেকে শুরু হয়ে গুলশান-২ হয়ে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে দিয়ে, গাউসুল আজম মসজিদ হয়ে মহাখালী ওয়ারলেস গেট অতিক্রম করে মহাখালী আমতলী গিয়ে শেষ হয়।
আমতলিতে এসে তারেক রহমানের প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম বলেন, এই দীর্ঘ মিছিল থেকে প্রমাণিত হয় তারেক রহমান ১২ তারিখের নির্বাচনে জিতে যাবেন। দিন যত যাচ্ছে বিএনপি’র প্রতি মানুষের আগ্রহ ততই বৃদ্ধি পাচ্ছে। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা কথা দিলে কথা রাখে। তারেক রহমান আপনাদের যে কথা দিয়েছেন তিনি সেই কথা রক্ষা করবেন। দেশব্যাপী তিনি মানুষের নিরাপত্তা ও শান্তির পরিবেশ কায়েম করবেন।
ঢাকা-১৭ আসনের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘যারা গুপ্ত রাজনীতি করে এবং মানুষের সাথে প্রতারণা করে তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তারা নানান কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। বোরকা পরে জাল ভোট দেবে। এমনকি বোরকার ভিতর আলাদা ব্যালট বহন করে একাধিক ভোট দেয়ার চেষ্টা চালাবে। প্রতিটি ভোটারের প্রতি আপনারা নজর রাখবেন। কোন ভোটার যেন একাধিক ভোট না দিতে পারে। বা ভোট দিতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’
এলাকার যানবাহন ব্যবহারকারী এবং দোকানদের কাছে দুঃখ প্রকাশ আবদুস সালাম বলেন, আমরা রাজনৈতিক কারণে মিছিল করেছি। আপনার স্বাভাবিক যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করেছি। আপনারা যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন। তিনি নেতাকর্মীদের যার যার এলাকায় গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর অনুরোধ জানিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।