বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩০

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক এবং আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

সভায় শোকসভা ও দোয়া মাহফিল আয়োজক কমিটির সদস্যসচিব এবং ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

ড. মোহাম্মদ খালেকুজ্জামান বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। দেশের মাটি ও মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। দেশের উন্নয়নে তাঁর অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকসভা ও দোয়া মাহফিলে ধান গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় ও শাখা প্রধানগণ, ইনস্টিটিউটে সক্রিয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।