
ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬(বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোটগ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন।
তিনি বলেন, কেউ জিতবে, কেউ হারবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেয়।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগগুলোর প্রসঙ্গ টেনে রইচ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যেসব অভিযোগ তুলছে, আমরাও সেগুলো দেখছি। আশা করি প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে।
এবারের জকসু নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। এর মধ্যে পদ সহ-সভাপতি (ভিপি) পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন ৯ জন প্রার্থী। এছাড়া একটি হল সংসদের বিভিন্ন পদে লড়ছেন ৩৩ জন প্রার্থী।
এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেদিন ভোরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটগ্রহণের নতুন তারিখ ৬ জানুয়ারি নির্ধারণ করে।