
খুলনা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, ‘মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানই বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি।’
গতকাল সোমবার বিকেলে খুলনার রূপসা উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরও বলেন, ‘বাংলাদেশের ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। মহান আল্লাহ তাঁকে যে সম্মান দিয়েছেন, তা আপনারা নিজের চোখেই দেখেছেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এরপর মিল্কি দেড়ার ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি খান মনিরুল ইসলাম।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া তাঁর সংগ্রামী জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু কখনো দমে যাননি। এই ত্যাগই আমাদের রাজনৈতিক অনুপ্রেরণা।’ ‘আমরা সবাই মিলে দেশ গড়বো, মানুষের পাশে দাঁড়াবো’ বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে মাগরিব বাদ আইচগাতীর দেড়ার বটতলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, তাতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম তালুকদার লিটন, বিশিষ্ট সমাজসেবক শেখ আবদার আলী, রাজা মনিরুজ্জামান তছলিম, রেজাউল ইসলাম রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, শাহাবুদ্দিন লাবু, আসাদুল ইসলাম বিপ্লব, মুহিদুল ইসলাম সোহাগ, রাজু মল্লিক, শেখ হৃদয় আহম্মেদ রিপন, জাকারিয়া, ইমতিয়াজ আলী সুজন, হাসান মাহমুদ, রনি জোমাদ্দার, সাজ্জাদ মল্লিক, নাসির ও রহিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।