বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪২

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত হওয়ার ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিজিবির টহল জোরদার

সাতক্ষীরা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনায় জেলার সীমান্তে টহল জোরদার ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার সকাল থেকে সীমান্তে নিরাপত্তা নজরদারি বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি জানায়, যশোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আলমগীর হোসেন নিহত হওয়ার ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সকাল থেকে জেলার সকল সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে । একই সঙ্গে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।