
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) আয়োজনে গতকাল এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক-এর সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক প্রেসিডেন্ট ও সাবেক সেক্রেটারি জেনারেলসহ সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক, সাবেক প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম ও মাহবুবুল হক চৌধুরী বাবরসহ সংগঠনের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের গণতন্ত্রের অভিযাত্রা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অনন্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বেগম খালেদা জিয়া তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের বেসরকারি খাতের বিকাশ ও সমৃদ্ধিতে নীতিগত সহায়তা প্রদানের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে বারভিডা সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম (সম্রাট), ডা. হাবিবুর রহমান খান, ফরিদ আহমেদ, ট্রেজারার মো. সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবদুল আউয়াল ও কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী সদস্য এ বি সিদ্দিক (আবু), মোহাম্মদ আনিসুর রহমান, মো. আকতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোর্সেদ (সোহেল), আহসানুর রহমান আরজু, পুনম শারমিন ঝিলমিল, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল ও কে এম শফিউল্লাহ (রনি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।