বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৪
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩১

সেন্টমার্টিনে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারী আটক।

আজ রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে গত ২ জানুয়ারি ২০২৬ রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি অভিযান চালায়। 

অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, গত ৩ জানুয়ারি রাত ২টায় উক্ত জাহাজ সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মিয়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ সাত জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট দুইটির ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।