বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫১
ভোলায় মেজর (অব.) হাফিজ

জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে দেশবাসী ভোটাধিকার ফিরে পেয়েছে

অবসরপ্রাপ্ত মেজর হাফিজ শনিবার ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

ভোলা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। 

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ ভোট দেয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তবে আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে তিনি আশাবাদী।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, জুলাই যোদ্ধারা দেশের মাফিয়া সরকারকে বিদায় করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেছেন। এর ফলে সাধারণ মানুষ আবারও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তারেক রহমান যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণা করেছিলেন, সেই পরিকল্পনার আওতায় ৩১ দফাসহ দেশের সার্বিক উন্নয়ন ও সব শ্রেণির মানুষের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে। এ সময় তিনি জনগণের প্রতি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।

দুপুরে তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক বাবুল পঞ্চায়েত সহ দলীয় নেতৃবৃন্দ।