বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৪
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৩০

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নে আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে : মহাপরিচালক

ছবি; সংগৃহীত বাংলাদেশ আনসার ও ভিডিপি ফেসবুক পেইজ

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জাতীয়তাবোধ প্রদর্শন করতে হবে।

তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার সদস্যদের সততা, দক্ষতা ও দায়িত্ববোধ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে।

আজ পটুয়াখালীর চান্দুপাড়া এলাকায় আনসার ও ভিডিপির সঞ্জীবন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিদর্শনকালে মহাপরিচালক প্রকল্পভুক্ত দুই প্লাটুনের ৬৪ জন উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় করেন এবং বাস্তবায়ন কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও যথাযথ তদারকি বজায় রাখার নির্দেশনা দেন।

সকাল ৯টায় প্রকল্প স্থলে পৌঁছে মহাপরিচালক প্রাথমিকভাবে নির্বাচিত ‘সামাজিক সুরক্ষা দলু ১’ (কলাপাড়া) এবং ‘সামাজিক সুরক্ষা দলু ২’ (বেতাগী)-এর উদ্যোক্তাদের সঙ্গে তাদের পরিকল্পনা, কর্মপরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, সামাজিক বিনিয়োগ মডেলভিত্তিক সঞ্জীবন প্রকল্প সদস্যদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে মৌলিক চাহিদা পূরণ ও টেকসই আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সঞ্জীবন, আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত এই উদ্যোগ কৃষি ও অকৃষি— উভয় খাতে নতুন ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।

পরিদর্শনকালে মহাপরিচালক প্রকল্পের জমির কাগজপত্র ও দলিলাদি পর্যালোচনা করেন এবং সম্ভাব্য জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ দেন। সফরটি প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি সদস্যদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।

এসময় বরিশাল রেঞ্জের কমান্ডার মো. আব্দুস সামাদসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।