বাসস
  ১৪ জুলাই ২০২৬, ১২:০৩

হরমুজ প্রণালীর জাহাজে ফি আরোপে ট্রাম্পের পরিকল্পনা ‘জলদস্যুতা’র শামিল: লুলা

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ (বাসস): ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অঙ্কের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালীতে ইরানের বন্দর অবরোধ পুনর্বহাল করা হবে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখার খরচ মেটাতে প্রণালী দিয়ে পরিবহন করা সব পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর তেহরান তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে বাধা সৃষ্টি করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল বন্ধ করে দেয়।

তবে জুনে যুদ্ধ বন্ধে দুই পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হওয়ার পর ওই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। সম্প্রতি আবারও সংঘাত বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প এসব নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন।

সাও পাওলো রাজ্যে এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় লুলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বলেছেন, তিনি হরমুজ প্রণালী খুলে দেবেন। কিন্তু প্রতিটি জাহাজকে চলাচলের সুযোগ দেওয়ার জন্য, প্রতিটি জাহাজকে প্রণালী থেকে সরিয়ে আনার জন্য তেলের মালিককে তাকে ২০ শতাংশ অর্থ দিতে হবে।’

তিনি বলেন,  ‘এ ধরনের কর্মকাণ্ড জলদস্যুতার শামিল।’

লুলা আরও বলেন,  ‘যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ, যে দেশ দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যু রাষ্ট্রে পরিণত হতে পারে না।’

তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধের কারণে ব্রাজিলে জ্বালানি এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য—যেমন শিম, চাল, টমেটো ও পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।

ব্রাজিলের ৮০ বছর বয়সী প্রবীণ বামপন্থী নেতা লুলা আগামী অক্টোবরের নির্বাচনে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার পর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে তার সরকার বেশ কিছু সাময়িক পদক্ষেপ নিয়েছে।

লুলা জানান, মার্চে অপরিশোধিত তেল রপ্তানির ওপর আরোপ করা ১২ শতাংশ কর থেকে পাওয়া অর্থ মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে ব্যবহার করা হচ্ছে।