শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। বেইজিংয়ে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ভোজসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বেইজিং থেকে এএফপি জানায়, চীনের শীর্ষ নেতৃবৃন্দ এবং মার্কিন ব্যবসায়ী ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এ ভোজসভায় ইলন মাস্ক ও টিম কুকও ছিলেন।
চীনের রাজধানীতে বহুল আলোচিত শীর্ষ বৈঠকের প্রথম পূর্ণ দিনের কার্যক্রম শেষে তিয়েনআনমেন স্কয়ারসংলগ্ন জাঁকজমকপূর্ণ ‘গ্রেট হল অব দ্য পিপল’-এর লাল গালিচাবিশিষ্ট ভোজকক্ষে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
ট্রাম্প আরও জানান, তিনি শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
দুই নেতা ভোজসভায় পৌঁছার আগে সরাসরি সম্প্রচারিত দৃশ্যে প্রাণবন্ত পরিবেশ দেখা যায়। সেখানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের ট্রাম্প প্রশাসনের সদস্যদের সঙ্গে হাসিমুখে আলাপ করতে দেখা গেছে।
ঐতিহ্যবাহী লাল পোশাক পরা পরিবেশনকারীদের বর্ণিল সাজসজ্জার টেবিলগুলোর মাঝে ব্যস্তভাবে চলাফেরা করতে দেখা যায়। অতিথিদের জন্য পরিবেশন করা খাবারের মধ্যে ছিল বেইজিং রোস্ট হাঁস, পোর্ক বান এবং তিরামিসু।
তবে এ উচ্ছ্বাসঘন পরিবেশ বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যকার বড় ধরনের মতপার্থক্য আড়াল করতে পারেনি।
বাণিজ্য, প্রযুক্তি এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ান- এসব ইস্যুতে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধ চলছে।
এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। ইরানের প্রধান তেল ক্রেতা হিসেবে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ভোজসভায় দেওয়া বক্তব্যে শি জিনপিং বলেন, চীনের অগ্রযাত্রা ‘আমেরিকাকে আবার মহান করে তোলা’র সঙ্গে ‘হাতে হাত ধরে’ এগোতে পারে। এটি ছিল ট্রাম্পের বহুল ব্যবহৃত রাজনৈতিক স্লোগানের প্রতি সরাসরি ইঙ্গিত।
তবে এর আগে শি ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপ দুই দেশকে ‘সংঘাতের’ দিকে ঠেলে দিতে পারে।
বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছার পর থেকে ট্রাম্প তাইওয়ান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। শি’র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একাধিক প্রশ্নও তিনি এড়িয়ে যান।
শুক্রবার দুই নেতার মধ্যে আরও বৈঠক এবং একটি চা-আসরের আয়োজন রয়েছে। এরপর ট্রাম্প ওয়াশিংটনে ফেরার জন্য এয়ার ফোর্স ওয়ানে উঠবেন।