শিরোনাম

ঢাকা, ০১ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বহির্বিভাগের সেবা নিতে রোগীদের ভিড় ও দুর্ভোগ কমাতে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকেট প্রিন্ট করে আনার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
আধুনিক এই পদ্ধতির মাধ্যমে ইতোমধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক রোগী সহজে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৩১ মার্চ পর্যন্ত অনলাইন টিকেটের মাধ্যমে প্রায় এক লাখ রোগী বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন। বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২—উভয় ইউনিটেই রোগীরা এই সুবিধা গ্রহণ করছেন।
বর্তমানে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার রোগী বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকেটের মূল্য পরিশোধ করছেন। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন তারা।
এ বিষয়ে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের উদ্দেশ্যে বলেন, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টিকেট প্রিন্ট করে সঙ্গে আনলে নির্ধারিত সময় ও কক্ষে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হবে।
তারা আরও জানান, এই পদ্ধতি অনুসরণ করলে রোগীদের সময় সাশ্রয়ের পাশাপাশি বহির্বিভাগে অযথা ভিড় কমবে এবং সেবার মানও বাড়বে। দিন দিন এই অনলাইন ব্যবস্থা রোগীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
বিএমইউ কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে আরও বেশি রোগী এই ডিজিটাল সেবা গ্রহণ করলে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে।