বাসস
  ১১ মার্চ ২০২৬, ১০:১২
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:৫২

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল

ঢাকা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ইসরাইল বুধবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে নতুন করে হামলা চালিয়েছে বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা আবারও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত সপ্তাহে হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা চালালে লেবাননও মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।

২০২৪ সালে যুদ্ধবিরতি হওয়ার পরও ইসরাইল এতদিন হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। তারা লেবাননজুড়ে বেশ কয়েকবার হামলা চালিয়েছে এবং সীমান্ত এলাকায় স্থল সেনা পাঠিয়েছে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি শত্রু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ভয়াবহ হামলা চালিয়েছে, সেখানে হিজবুল্লাহর প্রভাব বিদ্যমান।

এএফপি টিভির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে। মঙ্গলবার তারা আবারও দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।

হিজবুল্লাহ মঙ্গলবার পৃথক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ সীমান্তের খিয়াম ও ওদাইশা শহরের কাছে ইসরাইলি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করেছে, যার মধ্যে হাইফার দক্ষিণে একটি ‘মিসাইল প্রতিরক্ষা স্থাপনা’ লক্ষ্যবস্তু ছিল।

পরে তারা জানিয়েছে, সীমান্তবর্তী আইতারুন শহরের কাছে তারা ইসরাইলি বাহিনীর সঙ্গে ‘হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে’ সংঘর্ষে লিপ্ত হয়েছে।

লেবাননের সরকার মঙ্গলবার জানিয়েছে, ইসরাইলের হামলায় দেশটিতে  ৭ লাখ ৫৯ হাজার ৩০০ জনকে বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধিত করা হয়েছে, যার মধ্যে ১ লাখ ২২ হাজার ৬০০ জন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।