শিরোনাম

চট্টগ্রাম, ৫ মার্চ ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের মালিক জনগণ, আমরা তাদের সেবক মাত্র।
গতকাল (বুুধবার) বিকেল সাড়ে তিনটায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় চট্টগ্রাম বিভাগের ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিগত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র পরিচালনা করা। প্রধানমন্ত্রী প্রথম মন্ত্রিসভা বৈঠকেই স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে সরকার পরিচালনা করতে হবে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি সরকারের রয়েছে।
মন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
ঈদের আগেই এ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে আশা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
একইসঙ্গে কৃষককার্ড কর্মসূচির কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র, কৃষি ঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ না থাকে।
বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ চট্টগ্রাম বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি ও কলাকুশলীদের সাথে মতবিনিময় করেন।