শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে।
আজ বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপি’র পুলিশ সদস্যদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
আগামী দিনগুলোতে পুলিশের এই ভাবমূর্তি ধরে রাখার জন্য সবাইকে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেছেন, রমজানে ইফতারের পূর্বে ট্রাফিকের প্রচণ্ড চাপ বাড়ে। সেই সময়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, জনসাধারণ নির্বিঘ্নে বাসায় গিয়ে ইফতার করতে পারে। ট্রাফিক আইন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামনে একুশে ফেব্রুয়ারি ও অমর একুশে বই মেলার মত বড় অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া পবিত্র মাহে রমজানে বিশেষ করে তারাবির সময় চুরি বা ছিনতাই যাতে কোন ভাবেই সংঘটিত হতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মাসিক অপরাধ সভায় জানুয়ারি মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপি’র সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।