শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।
সরেজমিনে দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুসজ্জিত মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সারিবদ্ধ টেবিল, সাদা কাপড়ে মোড়ানো চেয়ার এবং পর্যাপ্ত মাইক্রোফোন স্থাপন করে আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।
এর আগে আজ সকাল পৌনে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
দুপুর ১২টার দিকে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এই সংসদই হবে দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তারা বিরোধী দলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।