বাসস
  ১২ জুলাই ২০২৬, ১৪:১২

রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমতে পারে কাল থেকে : আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজধানীতে আরও দুই থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আজ (রোববার) সকালে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বাসস'কে বলেন, জুলাই সাধারণত বৃষ্টিপ্রবণ মাস। তবে এবার জলবায়ুগত কারণ বাদেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এমন বৃষ্টি হচ্ছে।

আজ ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

এই আবহাওয়াবিদ আরও বলেন, আগামী দুই থেকে তিনদিন ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কিন্ত সময়ের সঙ্গে সঙ্গে এর তীব্রতা কমে আসবে। চলতি মাসজুড়েই বৃষ্টির এমন প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানান।

জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় এ বছরের, বিশেষ করে বর্তমান পরিস্থিতি কেমনএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি। এটি জানতে আমাদের আরও কিছুদিন পর্যবেক্ষণ করতে হবে।

খন্দকার হাফিজুর জানান, ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রকে আগাম সতর্ক করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মাথায় রেখে জনসাধারণকে আগামী দুই থেকে তিনদিন ছাতা, বুট বা রেইনকোটসহ বৃষ্টি থেকে বাঁচতে যথাযথ প্রস্তুতি নিয়ে রাস্তায় বের হওয়ার পাশাপাশি নিরাপদ, বিশুদ্ধ পানি পান করার ও নোংরা কিংবা দূষিত পানি এড়িয়ে চলা পরামর্শও দেন তিনি।

সেইসঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এমন এলাকায় বসবাসকারীদের একান্ত প্রয়োজন ছাড়া ঝুঁকি নিয়ে নিরাপদ স্থানের বাইরে না যেতে সতর্ক করে দিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।