বাসস
  ০৯ জুন ২০২৬, ১২:৫৫

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিন-রাতের তাপমাত্রা

ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) :  ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.।  ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৫৪ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।