শিরোনাম

ঢাকা, ২১ মে, ২০২৬ (বাসস) : দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্ণীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৮১ মিলিমিটার।