শিরোনাম

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ (বাসস): সোমবার টেক্সাসে বিশ্বকাপের শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী স্পেন ও পর্তুগাল মুখোমুখি হচ্ছে এক আকর্ষণীয় লড়াইয়ে। এই ম্যাচে যেমন কোয়ার্টার-ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারিত হবে, তেমনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ও রচিত হতে পারে।
এনএফএলের ডালাস কাউবয়েজের শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে সবচেয়ে প্রতিভাবান দুটি দল মুখোমুখি হচ্ছে।
ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন নকআউট পর্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত ছন্দে ফিরে আসে। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলর টিকিট কাটে।
শিরোপা অভিযানের শুরুতে চমক জাগানো কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করায় স্পেনকে নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছিল। তবে অস্ট্রিয়ার বিপক্ষে এই জয় সেই স্পেনকেই ফিরিয়ে আনে মূল লড়াইয়ে। যাদেও বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে।
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেন, "আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। আমি খুবই খুশি, কারণ খেলার প্রতিটি দিকেই আমরা প্রায় নিখুঁত ছিলাম।"
অন্য দলগুলোর জন্য আরও উদ্বেগের বিষয় হলো, ডি লা ফুয়েন্তে সতর্ক করে দিয়ে বলেছেন তাঁর দল এখনও প্রতিটি ক্ষেত্রেই আরও উন্নতি করতে পারে।
দুই বছর আগে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করা ৬৫ বছর বয়সী এই কোচ বলেন, "এটাই আমাদের মানসিকতা। আমরা বিশ্বাস করি এখনও আমরা আমাদের সর্বোচ্চ পর্যায় পৌঁছাইনি।"
অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল ম্যাচসেরা পারফরম্যান্স করা লামিনে ইয়ামালের খেলা। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা ক্যালিফোর্নিয়ায় ৮৫ মিনিট খেলেন, যা এবারের বিশ্বকাপে তাঁর দীর্ঘতম সময় মাঠে থাকা।
ইয়ামাল বলেন, "আমি প্রতিটি ধাপ পেরিয়ে এগিয়ে যেতে চাই এবং স্পেনকে জন্য বিশ্বকাপ জিততে চাই। আমরা কোনো দলকেই ভয় পাই না। আমরা স্পেন।"
এরপর দৃঢ় কণ্ঠে যোগ করেন, "বিশ্বকাপ এখনই শুরু।"
অন্যদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এটি তাঁর শেষ বিশ্বকাপ।
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এই তারকা টুর্নামেন্ট শেষে জাতীয় দল থেকে অবসর নেবেন কি না- এমন প্রশ্ন এড়িয়ে গেছেন।
গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র ম্যাচে নিষ্প্রভ থাকার পর সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করে সমালোচকদের মুখ সাময়িকভাবে বন্ধ করেন।
ম্যাচ শেষে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, "আমি ফিরে এসেছি।"
গ্রুপে কলম্বিয়ার পর দ্বিতীয় হয়ে শেষ করা রবার্তো মার্টিনেজের দল শেষ ৩২-এ ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায়, যেখানে রোনালল্ডো পেনাল্টি থেকে একটি গোল করেন।
ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর মুখে রোনাল্ডোকে তুলে নিয়ে মিডফিল্ডার ররুবেন নেভেসকে নামান মার্তিনেজ। বদলি হিসেবে নামা আরেক স্ট্রাইকার গনসালো রামোস ৯৪তম মিনিটে নাটকীয় জয়সূচক গোল করে।
এরপরও মার্টিনেজকে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয়- কেন তিনি সবসময় তরুণ রামোসের বদলে রোনাল্ডোকেই অগ্রাধিকার দেন। তবে তিনি সেই প্রশ্ন এড়িয়ে যান।
অভিজ্ঞ এই ফরোয়ার্ডের স্পেনের বিপক্ষেও শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
তবে ক্রোয়েশিয়ার তুলনায় স্পেন অনেক কঠিন প্রতিপক্ষ। তাই টেক্সাসের এই লড়াইয়ে এগিয়ে থাকার সম্ভাবনা স্পেনেরই বেশি বলে মনে করা হচ্ছে।
তবে সাম্প্রতিক পরিসংখ্যান পর্তুগালের পক্ষেই কথা বলছে। ২০২৫ সালের নেশনস লিগের ফাইনালে তারা দুবার পিছিয়ে পড়েও ২-২ সমতা ফিরিয়ে আনে এবং পরে টাইব্রেকারে জয় তুলে নেয়।
পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, "স্পেনের মান নিয়ে আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে তারা ইউরোপেরই একটি দল এবং আমরা স্পেনকে খুব ভালোভাবেই চিনি। তারাও জানে আমরা কেমন দল। তাই আমার বিশ্বাস, এটি হবে দারুণ একটি ম্যাচ। দুটি দলই বল দখলে রাখতে চায়, দ্রুত গোলের সুযোগ তৈরি করতে চায় এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে চায়।"