শিরোনাম

বান্দরবান, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, নির্দিষ্ট কোনো এলাকা নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে গুণগতমান সম্পন্ন শিক্ষাকে অধিকতর গুরুত্ব প্রদান করা হবে।
আজ বুধবার বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯০ জন অদম্য মেধাবী কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন সংস্থার মাধ্যমে বৃত্তির ব্যবস্থা গ্রহণ করা একটি চমৎকার উদ্যোগ। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব বাড়বে এবং তারা একাডেমিক ফলাফলে আরো সাফল্য অর্জন করতে পারবে।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
অনুষ্ঠানে কৃতী ৯০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আগে বান্দরবান পৌরসভা মিলনায়তনে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী সাচিং প্রু।
সভায় মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের ১১টি ভাষা সংরক্ষণ ও পুনরুদ্ধারে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে এবং ইতোমধ্যে ১০টি ভাষার অনুবাদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফার মধ্যেও ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণ ও সংগ্রহের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে।