বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১১:৪৭
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১২:১৫

শুধু চারা রোপণ করলেই হবে না, পরিচর্যা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

বুধবার সকালে মোংলা সরকারি কলেজে চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাত করেন পরিবেশ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম । ছবি: বাসস

বাগেরহাট, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এরমধ্যে চলতি বছরই প্রায় সাড়ে ৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।

তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই হবে না, রোপণের পর এসব চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি কমার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

গতকাল বুধবার সকালে বাগেরহাটের মোংলা সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণের মধ্যদিয়ে মোংলা সরকারি কলেজ কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। চারা রোপণ শেষে তিনি নিজেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পরে শেখ ফরিদুল ইসলাম মোংলা পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ কে এম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করতে রোপণ করা প্রতিটি চারার পরিচর্যা ও সংরক্ষণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা সম্ভব হবে। তিনি এ কর্মসূচিতে স্থানীয় জনগণ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।