বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৫:৫৭

শায়রুল কবির খানের বোন শিউলী খানমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস): বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের একমাত্র ছোট বোন শিউলী খানম (৫৭) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

গত ১৫ আগস্ট ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে শিউলী খানম হাসপাতালে ভর্তি হন। তিনি স্বামী, সন্তান, মা-বাবা, ভাই, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শায়রুল কবির খান তার বোনের রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, শিউলী খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেশীদের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেস্ত নসিব করেন।’

শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।