বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১০:৪৪
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৪৭

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি, পরিচয় শনাক্তে কাজ করছে দূতাবাস

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।

তিনি জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। অগ্নিকাণ্ডে মৃতদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা দুরূহ হয়ে পড়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ দূতাবাস, রিয়াদ গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতদের নাম-পরিচয় শনাক্তে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন।