বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৮:০২

রাসায়নিক সারের সঠিক ব্যবহার নিশ্চিতে কৃষি বিভাগকে সমাজকল্যাণ মন্ত্রীর পরামর্শ 

ছবি : বাসস

দিনাজপুর, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রাসায়নিক সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষি বিভাগকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। আমন ধান চাষে কোন ধরনের সার ও কৃষি উপকরণের সংকট সৃষ্টি করা যাবে না। 

আজ দিনাজপুর জেলা প্রশাসক হলরুম কাঞ্চনে জেলা প্রশাসকের মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারাদেশের মধ্যে দিনাজপুর একটি সীমান্তবর্তী জেলা। ফলে খুব সহজেই পাশ্ববর্তী দেশ থেকে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য এ জেলায় প্রবেশ করে। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে দেশে মাদক প্রবেশ কঠোর হাতে রোধ করতে হবে। 

মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা উল্লেখ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর অভিযান চালানোর নির্দেশ নেন মন্ত্রী। তিনি বলেন, মাদক কারবারি, পরিবহনকারি, মজুদদার, ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কোন ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, দিনাজপুর খাদ্য উৎপাদনের একটি জেলা, আসন্ন আমন মৌসুমে ধান রোপন কার্যক্রম এখনো চলছে। দেশে সারের কোন সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। রাসায়নিক সার সঠিক ব্যবহারের জন্য কৃষি বিভাগকে তিনি নির্দেশ দেন। ধানের জমিতে যে পরিমাণ সার ব্যবহার করা প্রয়োজন, ঠিক সে পরিমাণ সার ব্যবহার করলে ধানের ফলন ভাল হবে। তিনি জেলা প্রশাসককে চাহিদা অনুযায়ী সার প্রাপ্তির জন্য তথ্য প্রেরণের পরামর্শ দেন। সঠিক সময়ের মধ্যেই সারের চাহিদা পূরণ করা হবে বলে, তিনি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি ও এজেডএম রেজওয়ানুল হক এমপি এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সভায় পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-রিচালক শেখ হাফিজুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।