বাসস
  ০২ আগস্ট ২০২৬, ২৩:১৪

গাইবান্ধায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রোববার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: বাসস

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২ আগস্ট, ২০২৬ (বাসস) : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। 

আজ রোববার পরিদর্শনে গিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও, পরে অভিযোগকারী রোগীকে টিকা কেনার টাকা ফেরত দেওয়ার মৌখিক নির্দেশ দেন মন্ত্রী। 

ছবি: বাসস

পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত শামসুন্নাহার নামে এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও দায়িত্বরত স্বাস্থ্যকর্মী (সেকমো) তাকে বাইরে থেকে কুকুরের কামড়ের ভ্যাকসিন কিনতে বলেন। পরে তিনি এক হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে তা গ্রহণ করেন। এ অভিযোগ শুনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইটএফপিও) ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগে সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। 

স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, স্টোর ও রান্নাঘর পরিদর্শনের পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। পরে একটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন।