শিরোনাম

নাটোর, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাগরণের কবি। তিনি সব সময়ই প্রাসঙ্গিক।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে নাটোর জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমরা কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি। ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। তিনি শুধু বিদ্রোহী কবিই নন, প্রেমের কবি, আধ্যাত্মিকতার কবি। সকলের কবি। শুধু শহর নয়, প্রতিটি গ্রাম-গঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এজন্যই প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন।
রিজভী আহমেদ বলেন, বিরোধী দল বুঝতে পারে না বিএনপি সরকার কী পরিবর্তন করেছে। বিএনপির সরকার ক্ষমতায় আসায় গত কয়েক মাস ধরে গুম হচ্ছে না, বিচারবিহীন হত্যাকাণ্ড হচ্ছে না, শেয়ার বাজার কেলেংকারি হচ্ছে না, এটাই পরিবর্তন। আগে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত। এখন কৃষক পাটসহ অন্যান্য শস্যের ন্যায্য দাম পাচ্ছে।
বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইতোমধ্যে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে খাল খনন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কার্ড প্রবর্তন করা হচ্ছে। দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নজরুলের গান ও কবিতা আমাদের জীবনের চালিকাশক্তি। যেকোনো অন্যায়ের প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাই নজরুলের কাছ থেকে। তাই প্রধানমন্ত্রী জাতীয় কবির যথাযথ মূল্যায়ন করছেন।
নাটোর জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
অনুষ্ঠানে নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।
নজরুল গবেষক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ এবং নেত্রকোণা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে আলোচনা করেন।