শিরোনাম

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : দীর্ঘস্থায়ী মানবিক সংকট বাংলাদেশ ও বৃহত্তর অঞ্চলের জন্য চ্যালেঞ্জ তৈরি করায়, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই ও অব্যাহত সহায়তার গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় তারা জাতিসংঘ সংস্কার, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের উপায় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন। বৈঠকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।