বাসস
  ২৩ জুলাই ২০২৬, ২০:১৯

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ 

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। ফাইল ছবি

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬(বাসস): প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বাংলাদেশে জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতির ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালীকরণ এবং সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।

গতকাল মহাখালীর বন ভবনে বিসিসিটি সম্মেলন কক্ষে ‘জলবায়ু পরিবর্তন নীতি ও শাসন: অভিযোজন, ক্ষয়ক্ষতি ও ক্ষতির যোগসূত্র বোঝা এবং বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থা থেকে আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তির পথ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনের বক্তব্যে তিনি এ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের সহায়তায় এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-এর আয়োজনে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি) এবং অ্যাডামস ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নরওয়েজিয়ান দূতাবাসের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ড. পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তন কার্যকরভাবে মোকাবিলা করার জন্য, বিশেষ করে অভিযোজন, ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন প্রাপ্তি সংক্রান্ত বিষয়গুলোতে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং জলবায়ু সহনশীলতা আরও বাড়ানোর জন্য ভবিষ্যতে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাইফুল্লাহ কর্মশালার উদ্বোধন করেন এবং বিসিসিটি-র ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালিউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত নরওয়েজিয়ান দূতাবাসের প্রশাসন প্রধান ও চার্জ ডি’অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরুড।  

কর্মশালায় জলবায়ু-সম্পর্কিত কার্যক্রমে নিয়োজিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা একত্রিত হন।

রিসোর্স পার্সনদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, উপ-পরিচালক (জলবায়ু পরিবর্তন) মো. মাহমুদ হোসেন, আইসিসিসিএডি-এর উপদেষ্টা ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, আইসিসিসিএডি-এর ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক, বিসিসিটি-এর ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালিউল হক এবং সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি)-এর প্রধান নির্বাহী পরিচালক মো. শামসুদ্দোহা।

প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অংশগ্রহণকারীদের দ্বারা ‘ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল’ (এফআরএলডি)-এর অধীনে দুটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রস্তুত করা এই কর্মশালার অন্যতম প্রধান অর্জন।