বাসস
  ০৫ জুন ২০২৬, ১২:০৩
আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:০৪

দেশের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারনে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের দিনাজপুর এবং খুলনা বিভাগের যশোরে ৩৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। 

এ ছাড়া সিলেটে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। 

ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।