বাসস
  ২২ মে ২০২৬, ২১:১৭

৯ জাতিগোষ্ঠীর বর্ণিল পরিবেশনায় বিটিভি চট্টগ্রামে ‘পাহাড়ে ঈদ’

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’।

এবারের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা অংশ নিয়েছেন নাচ, গান ও নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে। বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনে সাজানো অনুষ্ঠানটি ঈদের চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

বিটিভি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় বসবাসরত বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। নিজস্ব ভাষা, পোশাক, সুর ও নৃত্যধারার মাধ্যমে তারা পাহাড়ি জনপদের সংস্কৃতি ও উৎসবের আবহ দর্শকদের সামনে তুলে ধরেছেন।

দুই পর্বে নির্মিত অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ভ্যালেন্টিনা ত্রিপুরা। প্রতিটি পর্বে সাতটি জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে, যেখানে স্থান পেয়েছে ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান ও পাহাড়ি সংস্কৃতির নানা অনুষঙ্গ।

অনুষ্ঠানে শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, পার্বত্য অঞ্চলে ঈদ উদযাপনের ভিন্নমাত্রিক আয়োজন ও জীবনধারাও তুলে ধরা হয়েছে। পাহাড়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ ঈদকে কীভাবে নিজেদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে উদযাপন করেন, সে বিষয়েও কথা বলেছেন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ইমাম হোসাইন। সংশ্লিষ্টরা জানান, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে জাতীয় সম্প্রচারে তুলে ধরার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের সামনে উপস্থাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের এ বিশেষ আয়োজন ঈদের আনন্দের সঙ্গে পাহাড়ি সংস্কৃতির বর্ণিল রূপ দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।