শিরোনাম

ঢাকা, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে দেশের সকল মাদ্রাসায় ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
আজ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। সারা দেশে একই তারিখ ও সময়ে একযোগে এ টুর্নামেন্ট শুরু হবে।
এ উপলক্ষে বোর্ডের আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দক্ষ খেলোয়াড় নির্বাচন করতে বলা হয়েছে।
প্রতিষ্ঠানের দাখিল (৬ষ্ঠ-১০ম শ্রেণি) এবং আলিম (১ম ও ২য় বর্ষ) স্তরে আলাদাভাবে একটি করে ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে গঠিত দলগুলোর নিয়মিত অনুশীলন নিশ্চিত করতে বলা হয়েছে। গঠিত ফুটবল দলের তথ্য আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ই-মেইলে ([email protected]) বোর্ডের কাছে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনার বিকাশে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, ক্রীড়ানুরাগী ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ জানানো হয়েছে।