শিরোনাম

সিলেট, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে।
আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। আর এই চাহিদা পূরণ করতে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এই ক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সবধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্দেশে বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করে নিজেদের প্রস্তুত করতে পারলেই বৈদেশিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মন্ত্রী বলেন, ‘অতীতে অবৈধভাবে বিদেশে গমন কিংবা বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছিলেন না, মূলত বিমান ভাড়া ও প্রয়োজনীয় খরচ বহনে অক্ষমতার কারণে। এই বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, শুধু আটক ব্যক্তিদের ফেরানোই নয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানেও সরকার কাজ করছে। বিশেষ করে ভিসার মেয়াদ, চাকরির অনুমতি ও অন্যান্য প্রশাসনিক জটিলতা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।