বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২২:১০

অফিস সময়সূচি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারি ও বেসরকারি সকল অফিসের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই সময়সূচি নির্ধারণের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার চলতি মাসের ৫ তারিখ থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা  নির্ধারণ করা হলো। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  জরুরি পরিষেবাসমূহ নূতন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের ৪ এপ্রিল তারিখের পত্রের নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ও ব্যাংকিং সেবা সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্ধারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

আদালতের অফিস সময়সূচি নির্ধারণে মহামান্য সুপ্রীম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।