শিরোনাম

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য নীতিগতভাবে তিনটি পৃথক প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কমিটির অষ্টম বৈঠকে আজ এ অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাব পর্যালোচনা করে সেগুলো নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরেকটি প্রস্তাবে আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি ব্যবহার করে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল সংগ্রহের আরেকটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া, বৈঠকে কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে পাঁচ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।