শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সরাসরি হস্তক্ষেপে পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে, বিপন্ন প্রজাতির করাত মাছ ও প্রায় ১৫০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দরবাজারে সামাজিক বন বিভাগ, বাগেরহাট, উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের বন্যপ্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়ে শাস্তির বিষয়ে সতর্ক করা হয় এবং সংরক্ষণে সহযোগিতা কামনা করা হয়।
উদ্ধারকৃত করাত মাছ ও ২-৩ কেজি হাড়সহ মাংসের নমুনা সংগ্রহ করে বাকি অংশ মঠবাড়িয়া থানা সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড চত্বরে মাটিচাপা দেওয়া হয়।
নমুনাগুলো গতকাল বুধবার সন্ধ্যায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও খুলনার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে।