শিরোনাম

ঢাকা, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা অবকাঠামো উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের শিক্ষা খাতের ভৌত অবকাঠামো নির্মাণে ইইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অধিদপ্তরকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এর সাংগঠনিক কাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি বলেন, বর্তমানে শিক্ষা অবকাঠামো উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এই বিশাল দায়িত্ব পালনে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মতো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমও উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন মন্ত্রী।
এসময় তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন একই প্রশাসনিক ছাতার অধীনে থাকায় কাজের সমন্বয় ও গতিশীলতা আগের চেয়ে বহুগুণ বাড়বে।
নির্মাণ কাজের গুণগত মান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী ড. মিলন বলেন, ‘অনেক সময় দেখা যায় নতুন ভবন নির্মাণের কয়েক বছরের মধ্যেই তা জরাজীর্ণ হয়ে পড়ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এখন থেকে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে তাদের দক্ষতা, জনবল এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার সক্ষমতা কঠোরভাবে যাচাই করতে হবে।’
কাজের মান নিশ্চিতে তিনি একটি কার্যকর তদারকি ব্যবস্থা ও নীতিমালা প্রণয়নেরও নির্দেশ দেন।
প্রকৌশলীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের প্রকৌশলীদের উদ্ভাবনী চিন্তা ও আধুনিক নকশা গ্রহণ করতে হবে। লক্ষ্য হতে হবে এমন অবকাঠামো নির্মাণ করা যা হবে টেকসই, নান্দনিক এবং একই সঙ্গে ব্যয়-সাশ্রয়ী।
ভবিষ্যতে কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, মাঠ পর্যায়ের সমস্যাগুলো সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীসহ শিক্ষা মন্ত্রণালয় ও ইউডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।