বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০

গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ ভোট

ফাইল ছবি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ এবং এর প্রস্তাবনাগুলোর পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি।

অন্যদিকে, সংবিধান সংস্কারের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। গতকাল রাতে ইসি’র জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা যায়, গণভোটে মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ভোট। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি, যা মোট ভোটের ৬০ দশমিক ৮৪ শতাংশ।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে ভোটের হার কিছুটা বেশি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘আদালতের নির্দেশনায় চট্টগ্রামের দু’টি সংসদীয় আসনের (চট্টগ্রাম ২ ও ৪) নির্বাচনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোটের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না। ফলে ওই দুই আসনের ভোটও গণভোটের চূড়ান্ত ফলাফলে যুক্ত হয়েছে।’

গেজেট প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল আলাদা নয়, বরং একটি সমন্বিত গেজেট আকারে প্রকাশ করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ডকপি পাওয়ার পর তা যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।