শিরোনাম

ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জুলাই-সেপ্টেম্বর, ২০২৬ (তিন মাস মেয়াদি) শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ডাটা এন্ট্রির প্রক্রিয়া আজ ৩১ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পেমেন্ট ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৬ ও ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা ও এ৪ সাইজ (১০০ জিএসএম) অফসেট রঙিন কাগজে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
এতে আরও জানানো হয়, রেজিস্টার্ড প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, পরীক্ষা ফি ৩০০ টাকা এবং সনদপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ কোর্সে ভর্তির যোগ্য বলে গণ্য হবেন।
রেজিস্ট্রেশনের শর্ত হিসেবে প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন (৪০ জন মূল ও ১০ জন ড্রপআউট) শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে কোনো ট্রেডে শিক্ষার্থী সংখ্যা পাঁচ জনের কম হলে ওই ট্রেডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের সব বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ থাকতে হবে।
বোর্ডের নির্ধারিত ই-সেবা প্ল্যাটফর্মের (btebesheba.gov.bd) মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।