বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৬:০০

মাভাবিপ্রবিতে ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি: বাসস

টাঙ্গাইল, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘কারিকুলাম ম্যানেজমেন্ট ফর বিএসি অ্যাক্রেডিটেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স রুমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, গণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানের যতগুলো শাখা রয়েছে, সবগুলোর মূল ভিত্তি হচ্ছে গণিত। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন, মূল্যায়ন ও নিয়মিত পরিমার্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বিএসি অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শিখনফল অর্জন নিশ্চিত করার পাশাপাশি কোর্স আউটলাইন, কোর্স ফাইল, মূল্যায়ন পদ্ধতি ও একাডেমিক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন ও সংরক্ষণ করতে হবে

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড.মোস্তফা কামাল নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান।

প্রশিক্ষণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, বিএসি অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলামের প্রয়োজনীয়তা, কোর্স লার্নিং আউটকাম (সিএলও) ও প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) সংশোধন, সিএলও অর্জন নিশ্চিতকরণে মূল্যায়ন কৌশল, কোর্স আউটলাইন প্রণয়ন, কোর্স ফাইল প্রস্তুত ও সংরক্ষণ এবং অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, অতিরিক্ত পরিচালক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ এবং অতিরিক্ত পরিচালক ড. মো. খাইরুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণে কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রশ্নোত্তর ও সমাপনী সেশন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মুছা মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।