বাসস
  ২৩ জুলাই ২০২৬, ২২:১১

কেকেবিএইউতে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার 

ছবি: বাসস

খুলনা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস): খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র উদ্যোগে 'সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. আনিছুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।
 
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা অপরিহার্য। আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা এবং বিজ্ঞানসম্মত মূল্যায়ন পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি পরীক্ষকের দায়িত্বকে বিচারকের দায়িত্বের সঙ্গে তুলনা করে বলেন, উত্তরপত্র মূল্যায়নের সময় ব্যক্তিগত পক্ষপাত বা আবেগ নয়, বরং নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং পেশাগত সততাই হতে হবে একজন পরীক্ষকের প্রধান বিবেচ্য বিষয়।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
 
তিনি বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণে একটি কার্যকর পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব।

সেমিনারে প্রশ্নপত্র প্রণয়নের মৌলিক নীতিমালা, প্রশ্নের মান ও ভারসাম্য রক্ষা, ব্লুমস ট্যাক্সোনমি অনুসরণ, ফলাফলভিত্তিক শিক্ষা’র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা,অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুসরণ এবং পরীক্ষার গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন এবং প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মঈন উদ্দিন ও মো. মুস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টিসহ ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সেমিনারটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।