বাসস
  ২৩ জুলাই ২০২৬, ১১:৩৯
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:০৩

শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করার নির্দেশ মাদ্রাসা বোর্ডের

ঢাকা, ২৩ জুলাই, ২০২৬ (বাসস) : শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার-বিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে, প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দেশের সকল মাদ্রাসাকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে, দেশের সকল মাদ্রাসায় এ সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসার (দাখিল, আলিম, ফাজিল ও কামিল) অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।