শিরোনাম

ময়মনসিংহ, ১২ জুলাই ২০২৬ (বাসস): আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে সফর করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের পার্ক চুং হি স্কুল অব পলিসি অ্যান্ড সেমাউল -এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আজ রোববার দুপুরে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই একাডেমিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার এ আয়োজন করেন।
সফরকালে প্রতিনিধিদল বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার জানান, এ সফরের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি একাডেমিক ও গবেষণা অংশীদারিত্ব গড়ে তোলার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কোরিয়ান প্রতিনিধিদলে ছিলেন, পিএসপিএস-এর ডিন ও আন্তর্জাতিক উন্নয়ন এবং সেমাউল স্টাডিজের অধ্যাপক ড. জিয়ং জু লি, ভাইস ডিন ও স্পেশাল ফিজিক্যাল এডুকেশনের অধ্যাপক ড. সিওক মিন ইউন এবং প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যালয়ের ব্যবস্থাপক জুং চুন লি।
মতবিনিময় শেষে প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাকৃবি ও ইয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।