বাসস
  ০৭ জুলাই ২০২৬, ১৯:৪৬

রাবি সফরে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদল

ছবি: বাসস

রাজশাহী, ৭ জুলাই, ২০২৬ (বাসস) : পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।

সফরকালে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের মহাপরিচালক (আইন) এবং এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবালের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।

প্রতিনিধি দলটি রাবি উপাচার্যকে পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ এবং তাদের সহায়তায় চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করে। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল মোমেন উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক নুরুজ্জামান হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, প্রতিনিধি দলটি আজ রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য পাকিস্তান সরকারের আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির অধীনে একটি প্রাথমিক পরীক্ষা গ্রহণ করে।

সকাল ১১টায় রাবির সিনেট ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় নিবন্ধিত প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেন।